শাওয়ালের ছয় রোযা

0
1826
কুররাতুল আইন তাহমিনা

রহমত বরকত আর মাগফিরাতের মাস রমযানের পরই আমাদের মাঝে ঈদের আনন্দ আর ইবাদতের উৎসবের পয়গাম নিয়ে আগমন করে আরবী বর্ষের দশম মাস শাওয়াল। এ মাসের প্রথম দিনটি মুসলিম জাতির জন্য সবচেয়ে আনন্দের ও উদযাপনের দিন। রমযানে লাগাতার রোযা, তারাবীহ ইত্যাদি ইবাদত আঞ্জাম দেয়ার নগদ পুরস্কার বা উপটোকন স্বরূপ আল্লাহ রাব্বুল আলামীন তাঁর বান্দাদের জন্য এ ঈদ প্রদান করেছেন। রমযানের ইবাদত ও সংযমের অনুশীলন যেন ঈদের আনন্দে ভেসে না যায় বরং রমযানের শিক্ষা ও আদর্শ যাতে সারা বছর থাকে- এ শিক্ষাটি দেয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসে ৬টি রোযা রাখার নির্দেশ দিয়েছেন। এ সম্পর্কে হাদীস-শাস্ত্রের বিশুদ্ধতম কিতাব সহীহ মুসলিম শরীফে একটি হাদীস এসেছে। হযরত আবু আইয়ুব আনসারী (রাযি.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন- যে ব্যক্তি রমযানের রোযা রাখল অতঃপর শাওয়ালের ছয়টি রোযা রাখল, সে যেন (পূর্ণ) এক বছর রোযা রাখল। (সহীহ মুসলিম)

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ হাদীসের বিশ্লেষণ করতে গিয়ে মুহাদ্দিসরা বলেন, যে ব্যক্তি এ আমল করবে তার আমলনামায় রমযানের রোযার বিনিময়ে দশ মাস আর শাওয়ালের রোযার বিনিময়ে ২ মাস মোট এক বছর রোযার সমপরিমাণ সওয়াব লেখা হবে। কেননা একটি সৎ কাজের বিনিময় হচ্ছে দশ নেকি, যা কুরআন-হাদীসে উল্লেখ রয়েছে। ফলে এ ব্যক্তির আমলনামায় পূর্ণ এক বছর রোযা রাখার সওয়াব লেখা হবে। অত্যন্ত বরকত ও ফযিলতময় এ শাওয়ালের ছয় রোযা রাখার সময় একাধারে ছয় রোযা রাখা যেতে পারে। আবার বিরতি দিয়েও রাখা যেতে পারে। আল্লাহ তাআলা মানুষ ও জ্বীনজাতিকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। এখন যদি আমরা তার ইবাদত থেকে দূরে সরে পড়ি তবে তা হবে নিছক আমাদের দুর্ভাগ্যের কারণ। তাই মহামহিম আল্লাহ রাব্বুল আলামীন বছরের মাঝে মাঝে নানা রকম অধিক ফযিলতপূর্ণ ‘বিশেষ সওয়াবের অফারযুক্ত’ ইবাদতের মাধ্যমে আমাদের ইবাদ-বন্দেগীর মূল স্রােতে আসার সুযোগ করেছেন। যাতে আমরা আমাদের অপরিহার্য দায়িত্ব আল্লাহর বন্দেগীতে লিপ্ত হই। সে কথা তিনি আমাদের স্মরণ করিয়ে দেন। এরসব সুবর্ণ সুযোগের মাধ্যমে রমযানের লম্বা ও ধারাবাহিক ইবাদত পালনের পর ঈদ উদযাপনের আনন্দে আমরা যেন ইবাদত থেকে দুরে সরে না পড়ি তাই হাদীসে শাওয়ালের এ ছয় রোযার বিধান করা হয়েছে। আমাদের বোঝানো হয়েছে, বান্দার মূল কাজ হল ইবাদত। বান্দা সর্বদা তার প্রভুর ইবাদত করবে। রমযানের ইবাদতের পর ঈদ আনন্দের বিরতি শেষে শাওয়ালের ছয় রোযার মাধ্যমে আমাদের আবার ইবাদতের মূল ধারায় ফিরে যেতে আহ্বান করা হয়েছে।

পোস্তা, লালবাগ, ঢাকা

LEAVE A REPLY